বিশাল বিশাল ঢেউ গর্জন তুলে বেলাভূমির দিকে এগিয়ে আসার কালে ধীরে ধীরে পাতলা হয়ে আসে, সমানুপাতিকে গর্জনের মাত্রাও কমে যেতে থাকে। বেলাভূমির কাছে চলে আসা, পাতলা হয়ে যাওয়া ঢেউয়ের মৃদু গর্জন উৎপত্তি সময়কার ও তার কিছুটা পরবর্তী সময় ধরে চলতে থাকা ভয়াবহ গর্জনের কাছে অনেকটাই চাঁপা পড়ে যায়। পুরাতন গর্জনের পথ ধরেই আসে নতুন গর্জন, পুরাতনকেই করে দেয় ম্লান; পরবর্তিতে উঠে আসতে থাকা নতুন গর্জনের কাছে নিজেই ম্লান হবে বলে। অনেকটা যেন রাতের বেলায় সমুদ্রের পিঠাপিঠি ঢেউয়ের এগিয়ে আসার মত।
বেলাভূমিতে ঠেকে যাওয়া অথবা কাছাকাছি চলে আসা ঢেউয়ের মত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় শহীদ মিলন-চত্বরের পাশে প্রশস্ত রাস্তায় লোকের ভিড় যেন খানিকটা পাতলা, ফলে লোকজনের কথার সম্মিলিত আওয়াজও এদিকটায় কিছুটা কম, এমন মাত্রার কম যে, কেউ চাইলে মোবাইল ফোনে দূরবর্তীদের সাথে বেশ কষ্ট করে হলেও জরুরী কথা-বার্তা সেরে নিতে পারে। রাস্তার ঠিক মাঝখানে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভেসে আসা লালচে ফেনার ঘন কুন্ডলীর মত একটা জটলা। সরু হয়ে আসা ঢেউ বেলাভূমির সাথে ধাক্কা খেয়ে আবার সমুদ্রের দিকে রওনা হওয়ার কালে যেমন ফেনার কুন্ডলীর কিছুটা সাথে করে নিয়ে যায়, বিশালতার দিকে ছুটে চলা জনস্রোতের টানে জটলাটাও তেমনিভাবে পাতলা হতে থাকে। পাতলা হতে হতে জটলাটি একসময় নিজের বিলুপ্তি ঘোষণা করে, ঠিক তখনই বেশ স্পষ্ট ভাবে চোখে পড়ে- একজন রিক্সাচালক তার ভাড়া করা রিক্সার পাশে দাঁড়িয়ে আছে।
সাধারণত চালক-সিটের সাথে বা রিক্সার বডির সাথে পিছনদিকটা ঠেস দিয়ে মাথাটা সামনের দিকে হেলে পড়া অবস্থায় খানিকটা কুঁজো হয়ে যেমন দাঁড়িয়ে থাকে তেমন ভাবে মোটেও নয়, দাঁড়িয়ে আছে দেবদারু গাছের মত খাড়া হয়ে। এই মুহুর্তে লোকটির দাঁড়িয়ে থাকার একমাত্র অবলম্বন তার শক্ত দুটি পা, যা দিয়ে অবিরতভাবে প্যাডেল মেরে রিক্সাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তার কাজ; সেই পা দুটির উপর ভর করেই দাঁড়িয়ে আছে সে।
রোদে-বৃষ্টিতে ফ্যাকাসে হয়ে যাওয়া, পিঠের দিকে হালকা ছিতি পড়া, নীল রঙের একটা হাফ হাতা সার্ট ঘামে ভিজে তার শীর্ণ শরীরের সাথে লেপ্টে আছে, সার্টটি বহুল ব্যবহারে জীর্ণ হয়ে পড়লেও বেশ পরিস্কার পরিচ্ছন্ন; রিক্সাওয়ালাদের গায়ে এমন পরিস্কার-পরিচ্ছন্ন কাপড়চোপড় সচারচর দেখতে পাওয়া যায় না। নতুন কেনা লাল টুকটুকে গামছাখানি তার চিকন কিন্তু মজবুত কোমরে এক প্যাঁচে কষে বাঁধা, যাতে করে যখন তখন গামছার দুই প্রান্ত উপর-নিচ দুই দিকে দুই হাত দিয়ে শক্ত মুঠিতে টেনে ধরে ইচ্ছামত কষানো যায়। গামছাখানির মধ্যে লম্বা লম্বা সরু কিছু সাদা রেখার অস্তিত্ব আছে, তবে অগোছালো ভাঁজ হয়ে থাকায় গামছাটির শরীর অনেকটাই গোলাকার হয়ে যাওয়ার ফলে সরু সাদা রেখাগুলোর অনেকটাই নিমজ্জিত হয়ে পড়েছে বিধায় খানিকটা দূরে থাকা লোকজনের দৃষ্টিতে সাদা রেখাগুলোর অস্তিত্ব স্পষ্টভাবে ধরা পড়ে না। শুধু তাই নয়, হয়ত গামছার টুকটুকে লাল রঙে আশেপাশের লোকজনের চোখে ধাঁধাঁ লেগে যাওয়ার কারনেও সাদা রেখাগুলো আর নজরে আসতে পারছেনা। কাছাকাছি এসে কেউ গামছাখানাকে দুহাত দিয়ে ছড়ে ধরলে হয়ত সাদা রেখাগুলো দৃষ্টিগোচর হবে।
রিক্সাচালকটির মাথার চুলগুলো- সিঁথিপাটি করা না থাকলেও উসকোখুসকো নয়- বেশ খানিকটা লম্বা, পিছনের চুলগুলো ঘাড় পর্যন্ত নেমে এসেছে, আর সামনের চুলগুলো দিয়ে ভুরু পর্যন্ত পুরো কপালটি ঢেকে রাখা; চোখ পর্যন্ত নেমে এসে দৃষ্টি পথে বাঁধা হয়ে দাঁড়ায় নি। অনেক তরুণ-তরুণীদের যেমন সামনের কোন কিছু দেখার জন্য বার বার করে হাত দিয়ে আলতো করে চুলগুলোকে চোখের উপর থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, তেমনটা মোটেই নয়। এক মুহূর্তের জন্যও তার হাত দুটি মুক্ত থাকার অবসর পায়না, রিক্সা চালানোর সময় হ্যান্ডেলটিকে খুব জোরে চেপে ধরে রাখতে হয়। যারা কখনো রিক্সা বা সাইকেল চালায়নি তাদের কাছে মনে হতে পারে চালক শুধুমাত্র যথাসময়ে রিক্সাটির দিক পরিবর্তনের জন্য জন্য হ্যান্ডেলটিকে আলতো ভাবে ধরে রাখে, বিষয়টি আসলে শুধু মাত্র তা নয়। হাত দিয়ে হ্যান্ডেলটিকে শক্ত মুঠিতে চেপে ধরে দেহের উর্ধ্বাংশের শক্তি প্রয়োগ না করলে প্যাডেলের উপর পা রেখে জোরে চাপ দিয়ে শুধুমাত্র নিম্নাংশের শক্তির সাহায্যে যাত্রী সমেত ভারী রিক্সাটিকে টেনে নেয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, রিক্সাটিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে চালকটিকে ভারসাম্য বজায় রেখে পুরো দেহের শক্তি প্রয়োগ করতে হয়। বার বার হাত দিয়ে চোখের উপর হতে চুল সরানোর মত বিলাসিতা করার সময় তার কোথায়!
তার পরনে হাঁটুর কাছাকাছি ভাঁজ করে রাখা কালো রঙের একটি প্যান্ট, রিক্সাচালকরা সাধারণত লুঙ্গিই পড়েই রিক্সা চালায়, যদিও লুঙ্গি পড়ে রিক্সা চালানো খুবই মুশকিলের ব্যপার, তবুও। প্যান্ট পড়ে রিক্সা চালানো অনেক সুবিধা, তবুও প্যান্ট পড়া রিক্সাচালক চোখে পড়ে না সচারচর। প্যান্ট পড়লে ভদ্রলোকের টিটকিরি ও কটুবাক্য যদি শুনতে হয়, এই ভয়ে হয়তো পড়ে না।
আশেপাশের লোকজন ঠিকই দেখতে পাচ্ছে, চালকটি তার ভাড়া করা রিক্সার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু সে কি আসলে ভাড়া করা রিক্সাটির পাশে দাঁড়িয়ে আছে নাকি রিক্সাটি দাঁড়িয়ে আছে তার ভাড়া করা মানুষটির পাশে? আশেপাশের লোকজন হয়ত ভাবে, চালকটি রিক্সাটিকে মালিকের কাছ থেকে ভাড়া করেছে কিন্তু তার এ বিষয়ে কোন সন্দেহ থাকার কথা নয় যে, আসলে রিক্সাটি তাকে ভাড়া করেছে মানব প্রজাতির একজন হিসেবে, চালিয়ে নিয়ে বেড়াচ্ছে তার কর্মব্যাস্ত ও অবসর সময়ের প্রতিটি মুহূর্তকে। তার ভিন্ন একটা নামও দিয়েছে, আলাদা পরিচয়ে তাকে করেছে অধিষ্ঠিত– সে এখন রিক্সাচালক ভিন্ন অন্য কিছু নয়।
কয়েকটি কারনে রিক্সাচালক অনায়াসেই বুঝতে পারে, আসলে সে রিক্সাটিকে নয় বরঞ্চ রিক্সাটিই তাকে ভাড়া করেছে। রিক্সাটি কোন গন্তব্যে যাবে, কোথায় গিয়ে হঠাৎ থেমে পড়তে হবে, কোন রাস্তায় গতি ধীর হবে, কোন গলিতে মোড় নেবে- এধরনের কোন সিদ্ধান্তই সে নিজে থেকে নিতে পারে না। মোটকথা রিক্সার উপর কোন ধরনের কর্তৃত্বই তার থাকেনা, সিদ্ধান্ত দেওয়ার মালিক সিটে বসে থাকা যাত্রীরা; যারা রিক্সাটিকে নয় বরং রিক্সাটির মাধ্যমে চালকটিকেই ভাড়া খাটাচ্ছে। কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় চলতে পারবে না, কোন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিতে পারবে- যদিও কোথাও দাঁড়িয়ে বিশ্রাম করার মত ফাঁকা জায়গা তার জন্য অবশিষ্ট নেই, সব দখল হয়ে গেছে; তাকে চলতে হয় সবসময়, রিক্সাটি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়- এরকম সিদ্ধান্ত দেওয়ার মালিক উপরের নির্দেশ মেনে চলা পুলিশ নামধারী রোবট, তারা আসলে রোবট নয় মানুষ কিন্তু মোটা কাপড়ের খরখরে পোশাকটি গায়ে তোলার সাথে সাথে তারা ক্যাপচা(captcha) চাপতে পর্যন্ত অক্ষম রোবটে পরিণত হয়ে উঠে। এরাও ভাড়া খাটে তবে ভেতরে সামান্য পরিমাণ মনুষ্যত্ব থাকা অবস্থায় ভাড়া খাটতে পারেনা কারন যারা ভাড়া করে তাদের আসলে মানুষের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন পাশবিক শরীরের, মানবিকতা তাদের তাদের কাজে ব্যাঘাত ঘটায় শুধু। পুরো পৃথিবীকে মনুষ্যহীন রোবটে পরিণত করতে পারলেই তারা নিজেরা কেবল কর্তৃপক্ষ হওয়ার সুযোগ পায়। এই রোবটদেরও এমন কোন ক্ষমতা নেই যার সাহায্যে রিক্সার কোন ধরনের ক্ষতি সাধন করে। যদিও চাকা পাংচার করার জন্য জুত হাতে রাস্তার পাশে তাদের অহরহ দাঁড়িয়ে থাকা রাস্তায় চলাচলকারী মানুষের কাছে একটি প্রাত্যহিক চিত্র। আশে পাশের লোকজনই বাঁধা প্রদান করে, চেঁচিয়ে উঠেঃ শুধু শুধু রিক্সার চাকা পাংচার করে রিক্সা-মালিকের কষ্ট বাড়াচ্ছেন শুধু শুধু, সে তো আপনার কোন ক্ষতি করতে আসে নাই বরং ওকেই দু-ঘা লাগিয়ে দেন না কেন! রোবটরা তখন নিজেদের ভেতর ইনস্টল হয়ে থাকা পোগ্রামের নির্দেশ ভাল ভাবে বুঝতে সক্ষম হয়ে লাঠি হাতে রিক্সাওয়ালার দিকে বেগে ধাবিত হয়।
রিক্সাটিই যে তাকে ভাড়া করেছে, এই ব্যাপারটি রিক্সাচালক আরেকটি কারনের দিকে সচেতনতা ক্ষেপণ করা মাত্রই বুঝে ফেলে। রিক্সায় চালকের জন্য একটি সিট নির্ধারিত থাকলেও সেখানে বসার অধিকার তার জন্য সংরক্ষিত নয়। চালক-সিটে তার বসাটাকে স্বয়ং রিক্সাটিই মেনে নিতে পারেনা। সে চালক-সিটে বসলেই রিক্সাটি মাইন্ড করে বসে- ব্যাটার সাহস কত! আমার ভাড়া করা জিনিস হয়ে আমার উপরই চেপে বসেছে, সামনের দিকেই আর যাব না, দেখি নচ্ছার ব্যাটা কিভাবে আমাকে এগিয়ে নেয়- রিক্সাটি তার চলার গতি দেয় কমিয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করে। রিক্সায় যাত্রী থাকলে তো কোন কথাই নেই, চলাটাই প্রায় বন্ধ করে দেয়- অন্যদের সামনে রিক্সাটির মনের ভেতর অপমানবোধটা যেন একটু বেশী করে অনুভূত হয়- চালকটি সাত তাড়াতাড়ি তার নিজের ভুল বুঝতে পেরে পিছন দিকটা উপরের দিকে উঠিয়ে ফেলে, মুহূর্তেই রিক্সা পূর্ণোদ্দমে চলতে শুরু করে বা চলার বেগ দেয় বাড়িয়ে। আর চালক-সিটটিও যেন অনেকটা শো পিসের মত, দূর থেকে মনে হতে পারে আরাম করে হয়তো বসা যায় কিন্তু বসে পরখ করার দরকার নেই, হাত দিয়ে স্পর্শ করলেই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠে- এখানে বসার চেয়ে পিছনদিকটা উপরের দিকে উঠিয়ে নিয়ে রিক্সা চালানো হাজার গুন উত্তম। বসার জায়গাটিকে আরামদায়ক হতে হয় কিন্তু এখানে বসে কিছুক্ষণ রিক্সা চালালে পিছন দিকে ফোস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, চড়া পড়ে যাওয়া তো অবধারিত।
আশেপাশের মানুষ বিস্মিত হয়ে দেখে, চালকটি রিক্সার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজরাচ্ছে। তার বাম হাতটি নিথর হয়ে শরীরের পাশ ঘেষে পড়ে আছে, আর ফুলে উঠা শিরা সমেত ডান হাতটি দিয়ে শক্ত মুঠিতে রিক্সার হাতলের একপাশ ধরা। এমন পোক্ত ভাবে সে হাতলটি ধরে রেখেছে যেন মনে হয়, হাতলটি থেকে ধাতবের মত শক্ত একটি হাত গজিয়ে উঠে তার শীর্ণ শরীরে কাঁধের পাশে আলতো করে লেগে আছে। রিক্সাচালকটির দেবদারু গাছের মত এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা যেমন একটা বিস্ময়কর ব্যাপার তেমনি ভাবে তার গজরানোর বিষয়টা রীতিমত বিহ্বল জাগানো। লোকটির এমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ব্যপারটি, আশেপাশের মানুষের কাছে চোখের কুটার মত মনে হয়। তারা মুঠো করা হাতের উল্টা পাশ দিয়ে চোখ কচলাতে শুরু করে, যাতে করে কুটাটি অনায়াসে বের হয়ে আসে। চোখ কচলানো শেষে আবার তাকিয়ে চালকটিকে ওরকমভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে তারা পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়- এতক্ষণধরে সে এভাবে দাঁড়িয়ে থাকবে কেন! আমাদের সমাজে এমন অধিকার তার জন্য তো সংরক্ষিত নয়। পুরাতন যাত্রী নেমে যাওয়ার সাথে সাথে নতুন যাত্রী উঠিয়ে রিক্সা ঘুরিয়ে তার চলে যাওয়ার কথা, তারপর থেকে চলতে ও চালাতে থাকবে; তাকে যখন যেরকম আদেশ-নির্দেশ দেয়া হবে ঠিক সেরকমভাবে। তাদের অভ্যস্ত চোখ এরকম অনভ্যস্ত দৃশ্য দেখে ভয়ানক ক্লান্ত হয়ে পড়ে।
একজন চালক কখনই সোজা হয়ে রিক্সা চালাতে পারে না, রিক্সা তাকে মেরুদন্ড সোজা করে নিজেকে চালানোর অনুমতিটুকু পর্যন্ত দেয় না। রিক্সা চালানোর সময় তাকে অবশ্যই কুঁজো হতে হবে, নইলে রিক্সা এক চাকাও ঘুরবেনা। কুঁজো হয়ে রিক্সা চালাতে চালাতে চালকদের পুরো শরীরটাই এমনভাবে স্থায়ী বাঁকায় রুপান্তরিত হয়ে যায় যে স্বাভাবিক অবস্থায়ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বা হাঁটাচলা করা এমনকি ঘুমানো পর্যন্ত তাদের পক্ষে স্রেফ অসম্ভব হয়ে দাঁড়ায়। হঠাৎ করে কি এমন ব্যাপার ঘটলো যা তাকে সোজা দাঁড় করিয়ে দিল, তা বুঝে উঠতে পারেনা বলেই দৃশ্যটি মেনে নিতে কষ্ট হয় আশেপাশের মানুষের। রিক্সাচালকের দেবদারু গাছের মত এমন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য সে যদি বাস্তবে না দেখে, দেখতে পেত কোন মহৎ শিল্পীর আঁকা চিত্রকর্মে তাহলে দৃশ্যটি তুলির মাধ্যমে সাবলীলভাবে পটে ফুটিয়ে তোলা- তাদের দ্বারা ব্যাপক প্রশংশা লাভ করত। চিত্র গ্যালারীতে নিয়মিতই হয়তো তারা শৈল্পিক আনন্দ লাভের আশায় কুঁজোদের টান টান হয়ে দাঁড়িয়ে থাকার, ভঙ্গুর-শীর্ণ মানুষদের পেশীবহুল শরীরের দৃশ্য দেখে থাকে, তখন মুঠি করা হাতের উল্টা পাশ দিয়ে চোখ কচলানোর বদলে ওদুটি বরঞ্চ প্রোজ্জ্বল হয়ে উঠে।
রিক্সাচালকটি গজরাচ্ছে! কোথায় গজরাচ্ছে? বুকের ভেতরে হৃদপিন্ড-কলিজার কালী নৃত্যে, অথবা মস্তিষ্কের অভ্যন্তরে নিউরনগুলোর উলম্ফন ও আণুবীক্ষণিক কোষগুলোর মৃদু কিন্তু সবগুলোর একসাথে জমকালো স্পন্দনে নাকি গাঢ় কালো মোটা ঠোঁটের দ্রুততম নড়ে উঠায় জিহ্বার প্রচন্ড আলোড়নে? তার এই গজরানো আশে-পাশের লোকজনের কানের ভেতরে ময়লার ছোট-খাট স্তুপের মত মনে হয়, তারা সকলে দিয়াশলাই বাক্স থেকে কাঠি বের করে বা অন্যদের নিকট থেকে চেয়ে নিয়ে(ভাই একটা কাঠি দেন তো, কান পরিষ্কার করি) কানের ময়লা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে।
গজরানোর সময় আনন্দ এবং বিষাদ সমসত্ত্ব ভাবে মিশ্রিত হয়ে চালকটির চোখে মুখে অলীক এক ভাব পরিস্ফুট হয়ে উঠে। পানি ভর্তি একটি বাটির নিচের অংশ মৃদু মৃদু নাড়ালে পানির উপরিভাগে যেমন পাতলা পাতলা ঢেউয়ের আনাগোনা শুরু হয় ঠিক তেমনিভাবে পুরো মুখাবয়ব জুড়ে সেই অলীক ভাবটি খেলে বেড়ায়। বিষাদ যে কিসের তা তো আর বলে দেওয়ার দরকার নেই, সকলেই তা খুব ভালো করেই জানে, সকল রিক্সাচালক ও তার জাত ভাইদের চোখে-মুখে তো সবসময় এরকম বিষাদ লেগেই থাকে। বিষাদ হচ্ছে প্রতিনিয়ত ‘ঘা’ খেয়ে হজম করে ফেলার- এই প্রতিনিয়ত খাওয়া ‘ঘা’ বিভিন্ন রকম হজম-প্রক্রিয়ায় জারিত হয়ে বিষাদের রূপ লাভ করে পুরো শরীর জুড়ে বিশেষ করে তার মুখমন্ডলে ছড়িয়ে পড়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে থাকে। কিন্তু আনন্দ! আনন্দ কিসের? তার ভেতরে আর যাই থাক আনন্দ থাকার তো কথা নয়! অবাক ব্যপার, আনন্দ সে পেল কোথায়? আনন্দ হয়তো তার কিছুটা আছে, কিন্তু চোখে মুখে ভেসে উঠার মত এমন বিশাল, এত সুদৃশ্য, এত স্পষ্ট, এত সমুজ্জ্বল আনন্দ এলো কোথা থেকে? দেখেই বোঝা যাচ্ছে এই আনন্দ কতিপয় স্থুল অনুভূতিতে সুড়সুড়ি দেওয়া কোন সিনেমা দেখে, চটকদার কোন গান শুনে ধার করে পাওয়া আনন্দ নয়। এ আনন্দ তার একান্ত ব্যাক্তিগত এবং অনেকবেশী ভিতরকার, সে নিজেই যেমন এই আনন্দের স্রষ্টা তেমনি নিজেই এই আনন্দ পুরোমাত্রায় উপভোগকারী। কিন্তু তার আনন্দ পাওয়ার ব্যাপারটি সহজেই বোধগম্য নয়, বেশ জটিল। তবে এ আনন্দ কি তার আচম্বিতে জ্বলে উঠার, সমস্ত মন প্রাণ দিয়ে ক্ষেপে উঠার? দীর্ঘ কাল পরে সে কি তাহলে এই আনন্দটিকে নিজের করে পেয়েছে, বহুদিনের প্রতীক্ষিত শতভাগ নিখুত প্রেমিকার মত!
ধীরে ধীরে তার মনে পড়তে থাকেঃ বাল্যকালেই কেবল সে এই আনন্দটিকে নিজের করে পেত। আস্তে আস্তে যখন সে বড় হয়ে উঠতে শুরু করে তখন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শত্রু-মিত্র, পরিচিত-অপরিচিত; কাঁচা-পাকা চুল, পুরোমাথা সাদা হয়ে যাওয়া চুল, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা; অভিজ্ঞতার ভারে যাদের মাথা বুকের কাছে ঝুলে পড়েছে খসে পড়ার প্রতীক্ষায়, সকলে মিলে বোঝাতে শুরু করলোঃ ক্ষেপে উঠার আনন্দ যতটুকু পেয়েছো ততটুকুই থাক আর পেতে চেয়ো না, তাহলে বড় মুশকিলে পড়বে বাপু। ক্ষেপে উঠে আনন্দ পাওয়ার মত বয়স নাকি তার আর নেই, এধরনের আনন্দ পেতে থাকলে তাকে বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে উঠবে; বেড়ে উঠার কোন সুযোগ সে পাবে না, তাকে গোড়াতেই সাদা কাপড়ে মুড়ে ফেলা হবে। বৃদ্ধদের শ্লেষ্মা জড়িত কন্ঠ খুক খুক করে উঠা কাশির দমকের সাথে তালগোল পাকিয়ে যায়ঃ এ ধরনের আনন্দ পাওয়া অন্যরা পছন্দ করে না, বয়সের নির্দিষ্ট একটি মাত্রার ভেতরেই কেবল এধরনের আনন্দ পাওয়া সম্ভব- এই মাত্রা অতিক্রম করতে গেলে বিপদ ঘোর। ক্ষেপে না উঠে বরঞ্চ মাথা নুইয়ে পাওয়া যায় এমন হরেক আনন্দ আছে পৃথিবীতে, সেগুলো পাওয়ার চেষ্টা কর। বয়োজ্যোষ্ঠরা উপদেশ দেওয়ার কালে পিঠে-মাথায় এমনভাবে হাত বুলাতে থাকে যেন সারাজীবনের জন্য পিঠটাকে বেঁকিয়ে এবং মাথাটিকে নুইয়ে দিতে চায়। শুধু মাত্র তাদের উপদেশের কারনেই নয়, শারীরিক ভাবে বেঁচে থাকার নিতান্ত প্রয়োজনে সে ধীরে ধীরে ক্ষেপে উঠার আনন্দকে হৃদয়ের থলি থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করে। তবে সে তা পুরোপুরি পেরে উঠেনা, মাঝে মাঝেই তাকে হতচকিত করে দিয়ে ভেতর থেকে বের হয়ে আসতে চায়; সে তৎক্ষণাৎ সচকিত হয়ে গলার কাছেই আনন্দটিকে আটকে ফেলে, ঢোক গেলার মত করে ধীরে ধীরে নীচের দিকে নামিয়ে আনে, চোখে মুখে ভেসে উঠে প্রজ্জ্বলিতে হতে দেয় না।
কিন্তু আজকে যখন সে দেখতে পেল অনেকেই তাদের ক্ষেপে উঠার আনন্দকে কুঁড়ি থেকে ফুড়ে বের হওয়া ফুলের মত মেলে ধরছে, মনে ভাবে, তাহলে তো নিজেকে আর বঞ্চিত করার কারন দেখিনা। আর অন্যদের চেয়ে ক্ষেপে উঠার আনন্দ তো তার অনেক বেশী, অনেক প্রগাঢ়, অনেক বিশাল, অনেক উজ্জ্বল। ক্ষেপে উঠার আনন্দ পেয়ে সে যেন নতুন করে বেঁচে উঠতে থাকে, আজকে সে খুব ভালো ভাবে বুঝতে পারে, যতদিন সে ক্ষেপে উঠার অনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছিল ততদিন সে মরে ছিল। সে বুক ভরে শ্বাস নেয়, নিজের সচেতনতার অজান্তেই সে মনে মনে শপথ করে ফেলে আর কোন দিন কোন কারনেই ক্ষেপে উঠার আনন্দ থেকে এক মুহূর্তের জন্যও সে বিরত হবে না। এতে করে সে হয়তো শারীরিকভাবে মারা যাবে, কত মানুষই তো সামান্য রকম ক্ষেপে না উঠেও অতি সাবধানে জীবনের রাস্তা পার হতে গিয়ে সভ্যতার চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় এবং সাথে সাথেই বিস্মৃত হয়; মানুষের মন থেকে তারা রক্ত খেয়ে ফুলে ঢোল হওয়া জোঁকের মত ঝরে পড়ে কারন মানুষেরা তো সকলেই নীরস এবং বিমর্ষ, এধরনের আরেকজন মানুষের তো তাদের কোন প্রয়োজন নেই। তাদের দরকার হল সবসময় আনন্দে ঝলমল করে থাকা লোকের যেমনটি তারা নিজেরা হতে পারেনি। বুকের কাছে ঝুলে থাকা মাথাওয়ালা লোকদের প্রতি করুনায় তার কোটরের অভ্যন্তরে লেগে থাকা চোখদুটি আর্দ্রতায় টলটল করে উঠে, ধিক্কার অনুভব করে তার নিজের ক্ষেপে উঠার আনন্দহীন বিগত জীবনের প্রতিও।
আশেপাশের লোকজন তো প্রতিনিয়ত ঘা খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় বিশাল একটা ঘা খাওয়ার বিষয়কে কেন্দ্র করে ক্ষেপে উঠেছে। ক্ষেপে উঠার সাথে সাথে বুঝতে পারছে, আরে বিদ্রোহে ফেটে পড়ার মধ্যেই তো আনন্দের গভীরতম গুঞ্জন, তাহলে এতদিন কেন তাদেরকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হল! এরা যখন নিরানন্দ জীবনে দ্রোহে ফেটে পড়ে আনন্দ আস্বাদ করতে শুরু করেছে, তখন সিদ্ধান্তে উপনীত হয়, আর দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মুহূর্তের জন্য আর অপেক্ষা করবেনা; ঘা খাওয়ার সাথে সাথেই বিশাল আনন্দে আকাশ-বাতাস ফাটিয়ে চিৎকার করে উঠবে, মার খেয়ে খেয়ে ক্ষত-বিক্ষত হয়ে যাওয়া পাংশু জীবনে একমাত্র বিদ্রোহ করেই তারা আনন্দ লাভ করবে। তারা অনুধাবন করতে সক্ষম হয়, আনন্দ পাওয়ার আর কোন বিকল্প পথ তাদের সামনে নেই। রিক্সাওয়ালা একটা ব্যাপারে কেবল হিমশিম খাচ্ছে- জেগে উঠার আনন্দে যাদের চোখ মুখ ঝলমল করছে তারা কেন তার ক্ষেপে উঠার আনন্দকে সহজভাবে নিতে পারছেনা! তার ক্ষেপে উঠার আনন্দ দেখে অন্যদের তো আরো বেশী করে সকল দিক থেকে জেগে উঠবার কথা, কিন্তু তারা এতে বিব্রত বোধ করছে কেন? একটি বিদ্রোহ তো আরেকটি বিদ্রোহকে উস্কে দেয় বা তাতে তুমুল বেগ সঞ্চারিত করে- এমনটিই তো ঘটার কথা। তাহলে কোথাও কি কোন বড় ধরনের গলদ আছে, তাদের ক্ষেপে উঠার আনন্দ দেখেই তো সে নিজে ক্ষেপে উঠার সাহস পেয়েছে। তার এই নিজস্ব জেগে উঠা কি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে? যারা নিজেরা জেগে উঠেছে, অন্যদের ঘুম পাড়িয়ে রেখে তাদের কি লাভ! তার হৃদপিন্ডে চাপ অনুভূত হয়, গলার কাছে বাষ্প জমে উঠে, কিন্তু নিজের ক্ষেপে উঠা থামায় না; গজরাতে থাকে গভীর বিষাদে এবং তীব্রতম আনন্দে।
এই আশেপাশের লোকজন কিন্তু কোন সুনির্দিষ্ট জনসমষ্টি নয়- একমিনিট আগে যারা রিক্সাওয়ালাটির পাশে ছিল মুহূর্তের মধ্যেই তারা দূরে সরে গেছে, যারা দূরে ছিল তারা কাছে চলে এসেছে কিন্তু প্রায় সকলের ভেতরেই একই ধরনের বিষাদ, ভাবনা-চিন্তা এবং প্রায় সমান মাপের ক্ষেপে উঠার আনন্দ। এমনকি হাঁটার ভঙ্গিতেও আলাদা কোন বিশেষত্ব চোখে পড়েনা; নদীতে পানির অবিচ্ছিন্ন ধারা স্রোতের অবিরত ধাক্কায় যেমন এগিয়ে যায় তেমনি ভাবেই সকলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটি অভিন্ন স্রোত তাদেরকে পরস্পরের সাথে এমন নিবিড়ভাবে মিশিয়ে ফেলেছে যে তারা একটি বৃহৎ মানুষে পরিণত হয়ে উঠেছে, সেই বৃহৎ মানুষটির আয়তন পরিধি বাড়তে বাড়তে নিজেই পুরো দেশটাকে নিজের একটা আসন বানিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এই বৃহৎ মানুষটির আলাদা কোন মাথা-মুন্ডু নেই- বিশাল শরীর জুড়ে তার মস্তিষ্কের কোষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কেবল।
ঢেউ এগিয়ে এসে আলতোভাবে বেলাভূমি ছুয়ে আবার প্রচন্ড একটি ঢেউ হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে যখন বিশালতার দিকে সরে যেতে থাকে, তার টানে ফেনার কুন্ডলী যেমন ভেঙ্গে ভেঙ্গে বিশালতার দিকে যাত্রা শুরু করে ঠিক তেমনি ভাবে জটলাটিও ধীরে ধীরে বিশ্লিষ্ট হয়ে যায়। তিনটি ছেলে-ছোকরার পরস্পরের গা ঘেষে মৃদু পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়া চোখে পড়ে; তাদের প্রত্যেকেরই মাথা অবনমিত, তবে যতই তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে ততই একটু একটু করে তা উপরে দিকে উঠতে শুরু করেছে। তারা যেন নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে বলেই মাথা উপরের দিকে উঠতে লেগেছে না হলে অন্তত রিক্সাওয়ালার এইরকম গজরানোর মুহূর্তে উপরের দিকে উঠার ভরসা পেতনা। যে কাজটি তারা কোন ধরনের দ্বিধা-দন্দ্বের অবকাশ না রেখে স্বাভাবিক ভাবে প্রতিনিয়তই করে থাকে, আজকেও তারা হুবহু সেই কাজটি দীর্ঘ দিনের অভ্যাসের বশে করে ফেলছিল- যদিও হালফিল মানুষের জেগে উঠাকালীন সময়ে এ ধরনের বাঁধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিছুটা আঁচ করতে পারলেও তা যে এমন ভয়াবহ আঁকার ধারণ করতে পারে, তা পুরোটা বুঝে উঠতে সক্ষম হয়নি। রিক্সাওয়ালার ভীষণরবে গর্জে উঠার সাথে সাথেই তাদের নিজেদের গর্জে উঠার কথা মনে পড়ে যায়। আরেকজনের কাছ থেকে বাঁধা প্রাপ্ত হয়ে, নিজেরা যে বাঁধার পাহাড় গড়ে তুলেছে- সেটার অনুভূতি অনেক সূক্ষ্ণভাবে বুঝতে পারে। যদি নিজেরা ঘা খেলে বা এখনো দগদগে হয়ে থাকা পূর্ববর্তী ক্ষতের কথা মনে পড়লে গর্জে উঠতে পারে তাহলে এরকম আরো কারনে- যাদের জাত ভাইরা চোখের সামনে পুড়তে পুড়তে কুন্ডলী পাকিয়ে উঠল যেন পাঁচতারা হোটলে সব তীব্র আবেদনময়ী পরিচারিকা পরিবেষ্টিত সুসজ্জিত টেবিলের উপর সাদা কলারদের মৌজ করে খেতে বসা প্লেটে থরে থরে সাজানো গ্রিল মুরগী, তাদের গেজিয়ে উঠা জ্বাল করা রক্ত যেন সুদৃশ্য কাচের গ্লাশে ভরে রাখা মাতাল করে দেয়া অ্যালকোহলীয় উত্তপ্ত পানীয়; যাদের হৃদয়, আত্মা, শরীর- অমানবিকতা, অসন্মান, বৈষম্যের পেষণে অবিরতভাবে বাস, ট্রাক, জিপ, তাপানুকূল ব্যাক্তিগত গাড়ি চলা পিচের সদর রাস্তায় পরিণত হয়ে উঠেছে, তাদের গর্জে উঠার মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা খুঁজে পাওয়া দুষ্কর। রিক্সাওয়ালার সেই গর্জন যখন ভীষণ রবে উঠে তখন মাথা নিচের দিকে না দিয়ে আর কোন উপায়ও তাদের থাকেনা। আবার যখন তারা নিজেরা গর্জন করার ক্ষেত্রের দিকে এগিয়ে যেতে থাকে, উচ্চতমভাবে গর্জে উঠার জন্য মনে মনে গলাটাকে দিতে আরম্ভ করে তখন তাদের মাথা আবার আপনিই উর্ধ্বে উঠে যায়- ইচ্ছাকৃত কোন প্রচেষ্টা ছাড়াই।
রিক্সাওয়ালা গজরাচ্ছে। গজরানোর সময় লাল টুকটুকে গামছার দুই প্রান্ত মুঠিতে শক্ত করে চেপে ধরে উপর-নিচে টেনে মজবুত মাজার সাথে বার বার কষানোর সময় তার বুকটা বার বার করে ফুলে উঠতে থাকে এবং মাথাটা আরেকটু সোজা হয়ে উঠার দরুণ দূর থেকে দেখলে পিছন দিকে একটু যেন খানিকটা হেলে পড়ছে বলে মনে হয়। যে শব্দগুলো অন্তরের গহীন থেকে উঠে এসে দুই ঠোঁটের মাঝখান দিয়ে নিঃসৃত হচ্ছে সেগুলো খুব স্পষ্টভাবে আলাদা আলাদা করে নিখুঁত ভাবে উচ্চারিত হচ্ছে, উত্তেজনার কারনেও শব্দগুলো পরস্পরের সাথে কোনমাত্রায়ই জট পাকিয়ে যায় নি। সে গজরাচ্ছে এমন একটি ভাষায় যা আসলেই সে তার মায়ের কাছে শিখেছে, স্কুল কলেজে পাঠ্যপুস্তক পড়ে শিখেনি, এবং ভদ্রলোকদের উদ্দেশ্য গজরাচ্ছে বলে তার ভাষাকে অহেতুক টেনে-হিচড়ে ভদ্র বানানোর চেষ্টায় বিকৃত করে ফেলছে বলেও বোধ হয় না। শব্দগুলো অনেকদিন ধরে যেমনভাবে তার মস্তিষ্কের কোষাভ্যন্তরে জমা হয়ে উঠছিল- অনেকবার সহ্যের শেষ সীমানা অতিক্রম করার পর্যায়ে চলে এলেও শুধুমাত্র আনন্দ-ভীতির কারনে উদ্ভাসিত হয়ে উঠতে পারেনি- ঠিক সেরকমভাবেই আচম্বিতে বের হয়ে পড়েছে। কান্না-হাসির কোন আলাদা ভাষা নেই, সবাই একই ভাষায় কাঁদে-হাসে। রিক্সাওয়ালার গজরানো দেখে বোঝা গেল সবাই একই ভাষায় গজরায়। গজরানোর সময় উচ্চারিত শব্দগুলো তার একান্ত নিজস্ব ভাষা থেকে গৃহীত হলেও অন্য ভাষার যে কেউ অনায়াসেই সে শব্দগুলোর অর্থ অনুধাবন করতে পারবে। গজরাতে থাকা লোকটি মুখের নানা ধরনের অভিব্যক্তির সাহায্যে তার উচ্চারিত নিজস্ব ভাষার শব্দ-বাক্যগুলোকে খুব সাবলীলভাবে একই সাথে পৃথিবীর অন্যান্য সকল ভাষায় অনুবাদ করে যায়। সেই অনুবাদ এত সাবলীল হয় যে, অন্য ভাষা-ভাষীর লোকজন বুঝতে পারে লোকটি নিজের ভাষায় গজরানোর পাশাপাশি একই সাথে বিশ্বের প্রত্যেকটি ভাষায় গজরাচ্ছে। পশু-পাখির গজরানোর সময়ও যেমন সেই ভাষা বুঝতে মানুষের তেমন কোন সমস্যায় পড়তে হয় না।
রিক্সাওয়ালা গজরাচ্ছেঃ রিক্সাআলা দেইখ্যা মানুষ মনে করেন না, না! শইল খাটানিরে ছোট কাজ মনে করেন, বিশ ট্যাহার ভাড়ায় দশ ট্যাহা দেন- আর কিছু কইতে গেলেই তুই তোকারি শুরু করেন, মারতে আহেন- আর সয্য করমু না অনেক সয্য করছি। আপনেগো আন্দোলন অইত্যাছে দেইখ্যা কিছু কইলাম না, নইলে গাছের নগে বাইন্ধ্যা রাখতাম! এমুন শিক্ষা দিয়া দিতাম- আমাগো নগে জানি কেউ কোনদিন বেয়াদবী করতে না আহে!
