নির্জন নীল নারায়ণঃ তুমি বেঈমান

গভীর প্রয়োজন থেকে এই বিন্দুর জন্ম, প্রসারণশীল;
তোমার চোখের মণি, যেমন ঘনিষ্ট অসীম! নিজের
কোনো কথা আছে সাদা পর্দাটার? পাপিষ্ঠ মাঠার মতো
শুধু সে অসীমের পরিত্যক্ত আকাশ?
নিজের নন্দনে বাকবাকুম! উত্তরের খোঁজ নাই;
এমত প্রশ্ন– অতএব, দূরন্ত বেগে ছুটে এসেছি
তোমাকে বর্ণনার লোভে, ফিরে যাবো যেই ঘুমে
তারই মতো কোনো বিচ্ছেদ থেকে;
তোমার নীল শরীরের ছবি, মেঝেতে আঁকা– নাভির উপর
একটি আঙুর রেখেছি, তার; চেয়ে দেখো– কে কাহার!
তোমাকে দেখার ইচ্ছা হয়তো ছিল, ঐ আঙুরের মনে;
আঙুর জমিয়ে জমিয়ে মদ হয়, তবু সেই মদ–
সে কি কোনোদিন হয়েছিল, তোমার অঙ্কিত শরীরের ঘাম?
কী করে উৎসের কাছে যাই! স্বপ্নই ঘোষণা করে,
তোমাদের অমোঘ তফাৎ– তোমার অগণিত ব্যাভিচারী
ছবিতেও তুমি নেই;
চন্দন ও আঙুরের শৃঙ্গারে,
শোভিত-কুসুমে–
তুমি নেই।

কাল গেলে প্রেমিকের বাসনা শুকিয়ে, স্তুপাকার;
তখনো তুমি কেবল নির্জন প্রতিমা; সময়ের সহচরী ধূলি
তোমাকে রোপন করে প্রত্ন-আরামে–
মাঝে মাঝে স্বপ্নে নেমে মুছে দেই সেই ধূলি, তোমার
ফ্যাকাসে অঙ্গে ক্ষণিকের নীলাকাশ– হঠাৎ!
ঘুমের বিভোর ভেঙ্গে, ধূলি ঝরে বিছানায়;
তুমি নেই;
তাই সকল নক্ষত্র আমার মা
আর আমি তাদের কুমারী পিতা।
গভীর প্রয়োজন থেকে ঐ বিন্দুর জন্ম, প্রশারণশীল;
বলোনা, সেই অথৈ বিন্দুর সাথে
তোমার কী লেনা-দেনা?

বরং তুমি বসন্তের বর্ণনা– ওর বাতাসে, রক্তের বিভ্রান্তি–
এলোমেলো পদ্ম-পাতা– তুমি বাল-ঘন কালো,
সুমিষ্ট বিষ– নির্জন নীল নারায়ণ;
উনিশ শতকের জামাই, রেঁনেসার কথা মনে পড়ে–
তোমার লোকাল লালিত্য দেখে, আলোর পঁচা ত্বক ভুলে যাই;
নষ্ট হলুদের মাঝে তুমি কৃষ্ণবর্ণ– কতো শুষ্ক জিহবার পরম স্বাদ,
তুমি এখনো!
আমিও কামনা করে তোমায়, ফুটেছি পলাশ–
থাকো, এই ঘ্রাণহীন কমলা লজ্জার কাছে কিছুক্ষণ;
রক্তিম করে নাও হাত ও পায়ের তালু– আমি জানি,
ভীষণ সুপ্ত পৌরুষ তোমার, বলিষ্ঠ আঙুরে ঢাকা নাভি–

তবু, তোমার অনন্ত শয়ান ভালো লাগে– যোগনিদ্রা– ক্ষীরোদসাগরে–
সহস্র ফনায় অনন্ত নাচে; লোভী, স্বপে আমাকে শ্রমিক বানাও,
কোনোদিন প্রেমিক ভেবেছ– শত্রুপক্ষের বৈমাত্র দেবতা?
তুমি তাদেরই সৈনিক, ভালোবাস ঘুম ও প্রেমের বিলাস–
স্থিতি আর আমাদের দুঃখ;
অতএব, জিজ্ঞাসা আছেঃ
গুঢ় প্রয়োজন থেকে এই বিন্দুর জন্ম, প্রসারণশীল?
ঐ অথৈ বিন্দুর পাপে, তোমার-আমার কী প্রয়োজন–
এমন গভীর!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top